ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বৈশ্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান বিশ্ব এক অভূতপূর্ব অস্থিরতা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং একতরফা আধিপত্যবাদ আন্তর্জাতিক শৃঙ্খলাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। শি জিনপিং বলেন, কোনো দেশের জনগণ যে উন্নয়নের পথ বেছে নেয়, তা সম্মান করা সব রাষ্ট্রের দায়িত্ব এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ মেনে চলা জরুরি, বিশেষ করে বড় শক্তিগুলোর উচিত এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ঘটনায় শুরু থেকেই সরব ছিল চীন, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সোমবারও মাদুরো দম্পতির অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। এতদিন সরাসরি মন্তব্য না করলেও এবার শি জিনপিং প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং জানান, মাদুরোর অপহরণে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন এবং ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। মাদুরোর অপহরণের পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আপাতত দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীনের যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। বিশ্বের বৃহত্তম তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন হলেও, মাদুরোর অপহরণের পর যুক্তরাষ্ট্র সেখানে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দিয়েছে। এ প্রসঙ্গে চীনের অবস্থান জানতে চাইলে লিন জিয়াং তেলের বিষয়ে সরাসরি মন্তব্য না করে বলেন, চীন ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করে এবং দুই দেশের সহযোগিতামূলক সম্পর্ক আন্তর্জাতিক আইন ও উভয় দেশের অভ্যন্তরীণ আইন দ্বারা সুরক্ষিত। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর