রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহত আবুল কালাম আজাদ (৩৫)-এর স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে মামলাটি করেছেন। সোমবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, রবিবার রাতে নিহতের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেন। এর আগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলারের ওপর থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে ওই পথচারী নিহত হন। ওসি মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে ওই পথচারী হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ ছিল। পরে বিকেল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে বিয়ারিং প্যাড মেরামতের জন্য আগারগাঁও থেকে শাহবাগ অংশের চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল ১১টা থেকে পুরো অংশে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। এদিকে, মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালামের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি সাংবাদিকদের জানান, এই ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন, যেখানে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে করণীয় সুপারিশও থাকবে। উপদেষ্টা আরও জানান, নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করা হবে। নিহত আবুল কালাম আজাদের দাফন সোমবার সম্পন্ন হয়েছে। সকাল ৯টার দিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে, রবিবার রাত ১০টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকার বায়তুল ফালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে শত শত মানুষ অংশ নেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর