যশোর সীমান্তে পৃথক অভিযানে দুই পাচারকারীকে আটকসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত পথে অবৈধভাবে আনা ৩ হাজার ৯৭৩ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পাচারের অভিযোগে হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
এ ছাড়া মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১৪২টি শাড়ি, ১২ হাজার ১২টি চকলেট, ৬ হাজার ৬৫৭টি কসমেটিকস সামগ্রী, ৫ হাজার ৭২৯টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৬ কেজি কিসমিস, ৩ কেজি জিরা, ২টি মোবাইল ফোন এবং নগদ ৯ হাজার ৬১০ টাকা।
বিজিবি জানায়, জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর