শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) আওতায় রংপুর অঞ্চলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণ ও উন্নয়নকাজে ভিন্ন ভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার হলেও নিয়ন্ত্রণ একটি গোষ্ঠীর হাতে থাকার অভিযোগ উঠেছে। তিন প্রকৌশলী নেতার যোগসাজশে কার্যাদেশ, নির্মাণকাজ ও আর্থিক লেনদেন পরিচালিত হওয়ার দাবি করেছেন অভিযোগকারীরা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) আওতায় রংপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নকাজে ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে সরকারি কাজের কার্যাদেশ নেওয়া হলেও নেপথ্যে থেকে সেগুলোর নিয়ন্ত্রণ করছেন অধিদপ্তরের তিন প্রভাবশালী প্রকৌশলী নেতা। তাঁদের যোগসাজশে একটি নির্দিষ্ট ব্যাংক হিসাবের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগও রয়েছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ আকন্দ (শিমুল), বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্যসচিব মো. শাহজাহান আলী এবং একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিম।
অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও রংপুর অঞ্চলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নকাজে একটি প্রভাবশালী ঠিকাদারি গোষ্ঠীর নিয়ন্ত্রণ বজায় রয়েছে। ওই তিন প্রকৌশলী নেতা পারস্পরিক যোগসাজশে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে পরে নিজেদের নিয়ন্ত্রণে তা বাস্তবায়ন করছেন।
ভিন্ন প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ, নিয়ন্ত্রণ এক হাতে
অভিযোগ অনুযায়ী, সরকারি দরপত্রে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ নেওয়া হলেও মাঠপর্যায়ে নির্মাণকাজ পরিচালনা ও আর্থিক লেনদেনের মূল নিয়ন্ত্রণ থাকে আবু সাঈদ আকন্দ শিমুলের হাতে।
ইইডির তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, শিমুল আকন্দের আপন ভাইয়ের পরিচালিত ‘মা কনস্ট্রাকশন’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব কাজ পরিচালনা করা হয়। এ জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ম্যান্ডেট বা অনুমোদনপত্র নেওয়া হয়।
অভিযোগকারীদের ভাষ্য, কাগজপত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান আলাদা থাকলেও প্রকল্প বাস্তবায়ন ও অর্থের নিয়ন্ত্রণ একই ব্যক্তির হাতে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিল উত্তোলন করা হলেও সিটি ব্যাংকের একটি নির্দিষ্ট হিসাবের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হিসাব নম্বরটি ২৩০........৯৪২১। ওই হিসাবে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলেও দাবি করা হয়েছে।
রাজনৈতিক পরিচয়সম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম
অভিযোগপত্রে রাজনৈতিক পরিচয় রয়েছে—এমন কয়েকজন ঠিকাদারের প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও এসব প্রতিষ্ঠানের নামে রংপুর অঞ্চলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নকাজ নেওয়া হচ্ছে।
এর মধ্যে শাহবাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজিদ রাসেলের মালিকানাধীন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে ‘এসএইচ রাসেল এন্টারপ্রাইজ’-এর নাম। এ ছাড়া নিষিদ্ধ যুবলীগের প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম মিরনের মালিকানাধীন বলে দাবি করা ‘মিরন এন্টারপ্রাইজ’-এর নামও রয়েছে।
পাশাপাশি বসুন্ধরা হাউস বিল্ডার্স, সৈকত এন্টারপ্রাইজ, লতা কনস্ট্রাকশন ও রাফিদ ট্রেডার্সের নামেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নির্মাণকাজ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব প্রতিষ্ঠানের মালিক নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাজে অভিযোগ
অভিযোগে রংপুরের বিভিন্ন উপজেলার অন্তত নয়টি নির্মাণ ও অবকাঠামো উন্নয়নকাজের তথ্য তুলে ধরা হয়েছে।
কাউনিয়া উপজেলার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের কাজ মিরন এন্টারপ্রাইজের নামে নেওয়ার অভিযোগ রয়েছে। একই উপজেলার প্রাণনাথ আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাজ বসুন্ধরা হাউস বিল্ডার্সের নামে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলার একতা বাজার নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং পীরগাছা মহিলা কলেজের নির্মাণকাজ এসএইচ রাসেল এন্টারপ্রাইজের নামে নেওয়ার অভিযোগ রয়েছে। বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের কাজ সৈকত এন্টারপ্রাইজের নামে নেওয়া হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
এ ছাড়া মিঠাপুকুর উপজেলার জামালপুর ফরিদা বেগম উচ্চ বিদ্যালয়ের কাজ এসএইচ রাসেল এন্টারপ্রাইজের নামে নেওয়ার অভিযোগ রয়েছে। একই উপজেলার বৈরাতি ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণের কাজ লতা কনস্ট্রাকশন এবং ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ রাফিদ ট্রেডার্সের নামে নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মিঠাপুকুরের শঠিবাড়ী এমএল উচ্চ বিদ্যালয়ের নির্মাণকাজও এসএইচ রাসেল এন্টারপ্রাইজের নামে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, এসব প্রকল্পের কার্যাদেশ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকলেও ম্যান্ডেটের মাধ্যমে বাস্তবায়নের মূল নিয়ন্ত্রণ একটি গোষ্ঠীর হাতে রয়েছে।
তদন্তের নির্দেশ, অগ্রগতি নিয়ে প্রশ্ন
অভিযোগকারীদের দাবি, আবু সাঈদ আকন্দ শিমুল ও মো. শাহজাহান আলীর বিরুদ্ধে আগেও অনিয়মের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রভাব খাটিয়ে তদন্ত কার্যক্রম আটকে রাখা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এখন পর্যন্ত তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলেও দাবি করেছেন তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপিপন্থী এক প্রকৌশলী অভিযোগ করে বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পরও পুরোনো সিন্ডিকেটের প্রভাব বন্ধ হয়নি। সরকারি উন্নয়নকাজে এ ধরনের অনিয়মের অভিযোগ ওঠা দুঃখজনক।
তিনি বলেন, পুরো বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
অভিযোগ অস্বীকার অভিযুক্তদের
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ আকন্দ শিমুল তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব বিষয় সঠিক নয়।’
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাহেদুল করিমও ব্যবসায়িক অংশীদারত্বের অভিযোগ নাকচ করে বলেন, ‘আমি কোনো ব্যবসায়িক পার্টনার নই।’
অন্যদিকে, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সদস্যসচিব মো. শাহজাহান আলী এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী বলেন, ‘অভিযোগের বিষয়টি আমরা অবগত। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর