শিক্ষার্থীদের আবাসন ও যাতায়াত সুবিধা বাড়াতে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন বাস চালু, ছাত্রাবাস নির্মাণ এবং অডিটোরিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে থেকে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং তাদের অভিভাবক ও শিক্ষকদের দুশ্চিন্তা কমে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আজ শনিবার রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত শিক্ষার্থীরা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও নিজ নিজ কর্মক্ষেত্রে সুনামের সঙ্গে অবদান রাখছে। দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট অনেক দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরি করেছে। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে। কোনোভাবেই পড়াশোনার প্রতি অবহেলা করা যাবে না।
ছাত্রসংগঠনগুলোর নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রথম পরিচয় তারা ছাত্র। তাই ছাত্র হিসেবে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন এবং ভালো শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠাকে অগ্রাধিকার দিতে হবে। ক্যাম্পাসে সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং মহানগর ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হক লিমন।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ. জে. এম. মাসুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর