
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, সরকার এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে। তদন্তে যারা জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে। এ কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, হামলা-ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া মালামালভর্তি দুই ট্রাক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিভিন্ন সামগ্রী আলামত হিসেবে সংরক্ষণ করা হচ্ছে। ডিএমপির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছেন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী লুট করা হয় এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে।
রাজধানীর জাসদ কার্যালয়ে সাম্প্রতিক পুলিশি অভিযান প্রসঙ্গেও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য একত্র হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
অভিযানের পর বিপুলসংখ্যক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হলেও পরিচয় যাচাই-বাছাই শেষে অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। পরে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা হবে। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কাউকে অযথা হয়রানি করার উদ্দেশ্যে অভিযান চালানো হয়নি বলেও জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর