
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
রোববার দুপুরে আদালতে তাদের দু’জনের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করা হয়।
এর আগে সকালে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান জানান, শনিবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদন হাতে পেয়েছেন তারা। আরও কিছু প্রক্রিয়া সম্পন্ন করে রোববারই আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় হয়ে গেলে রামিসাকে খুঁজতে থাকেন তার মা। একপর্যায়ে অভিযুক্তদের কক্ষের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। বারবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বড় বালতির ভেতরে তার মাথা দেখতে পান তারা।
পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে বুধবার পল্লবী থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামি সোহেল রানা ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সেখানে তিনি জানান, ঘটনার আগে ইয়াবা সেবন করেছিলেন।
জবানবন্দিতে সোহেল বলেন, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে রামিসা বাসা থেকে বের হলে তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে ঘরের ভেতরে নিয়ে যান। পরে বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। এতে রামিসা অচেতন হয়ে পড়ে। ঠিক তখনই শিশুটির মা দরজায় কড়া নাড়তে শুরু করলে সোহেল তাকে গলা কেটে হত্যা করেন। মরদেহ গুম করার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে মাথা শরীর থেকে আলাদা করেন এবং দুই হাত কাঁধ থেকে আংশিক বিচ্ছিন্ন করেন। পরে মরদেহ বাথরুম থেকে শয়নকক্ষে এনে খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পুরো ঘটনার সময় তার স্ত্রী একই কক্ষে উপস্থিত ছিলেন। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল।
আদালতে দেওয়া বক্তব্যে সোহেল আরও জানান, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তাদের আগে কোনো ধরনের শত্রুতা ছিল না।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর