
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দুর্নীতির কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, দেশের স্বার্থবিরোধী চক্র এখনও সক্রিয়, তাই জাতীয় স্বার্থে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে বলেন, মতপার্থক্য থাকলেও তা যেন বিভাজন বা শত্রুতায় রূপ না নেয়। একই সঙ্গে প্রতিশোধ-প্রতিহিংসা পরিহার করে সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করা জরুরি এবং কর্মসংস্থান সৃষ্টি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তিনি আরও জানান, জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং আইনশৃঙ্খলা উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যক্রম জোরদার করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর