যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে কায়বা বিওপি’র একটি টহল দল সীমান্তবর্তী কায়বা গ্রামের দাদখালী এলাকায় পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়। এ সময় ভারত দিক থেকে ইছামতি নদী পার হয়ে এক ব্যক্তিকে কায়বা গ্রামের দিকে আসতে দেখে টহল দল তাকে থামার সংকেত দেয়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি থামার পরিবর্তে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় এক লাখ ২২ হাজার টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের মাধ্যমে জব্দ করা মালামাল শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর