রাজধানীর পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজ করতে তিনটি মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি—একনেক। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা।
বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি অর্থবছরের তৃতীয় সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
সভায় নতুন একটি মেট্রোরেল প্রকল্পের পাশাপাশি এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের সংশোধিত ব্যয় অনুমোদন করা হয়েছে।
নতুন অনুমোদিত এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটে গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার মেট্রোরেল করিডোর নির্মাণ করা হবে। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৬ লাখ টাকা।
এর মধ্যে সরকার দেবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। আর এশীয় উন্নয়ন ব্যাংক—এডিবি এবং দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ থেকে ঋণ হিসেবে আসবে ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা।
এদিকে, ২০১৯ সালে অনুমোদিত এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিমানবন্দর থেকে কমলাপুর এবং নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত সংযোগকারী ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ এর ব্যয় ৫২ হাজার ৫৬১ কোটি টাকা থেকে বেড়ে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা হয়েছে।
অন্যদিকে, হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দার্ন রুটের ব্যয় ৪১ হাজার ২৩৮ কোটি ৫৪ লাখ টাকা থেকে বেড়ে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
কর্তৃপক্ষের মতে, কোভিড মহামারির সময় নকশা ও দরপত্র প্রস্তুতে বিলম্ব এবং দেশের প্রথম পাতাল মেট্রোরেল বাস্তবায়নের জটিলতার কারণে এমআরটি লাইন-১-এর ব্যয় বেড়েছে। বিস্তারিত নকশায় স্টেশনের আকার পরিবর্তন, প্রবেশ ও বের হওয়ার পথ এবং ভেন্টিলেশন শ্যাফট স্থানান্তরসহ বিভিন্ন অতিরিক্ত কাজ যুক্ত হয়েছে।
এছাড়া, নির্মাণকাজ চলাকালে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় ২০ কিলোমিটার বিকল্প সড়ক নির্মাণের বিষয়টিও প্রকল্পে যুক্ত হয়েছে।
মেট্রোরেল প্রকল্পের পাশাপাশি একনেকে সড়ক, রেল, প্রতিরক্ষা, পয়ঃনিষ্কাশন, শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন খাতের আরও প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
এর মধ্যে রাজশাহী ও চট্টগ্রাম সড়ক জোনের জেলা মহাসড়ক উন্নয়নে দুটি প্রকল্প, বরিশাল সেনানিবাস ও খুলনা নৌ অঞ্চলের অবকাঠামো উন্নয়নে দুটি প্রকল্প এবং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে ইলেকট্রিক ট্র্যাকশন বাস্তবায়নসহ রেলপথের দুটি প্রকল্প রয়েছে।
একনেকে অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে সাতটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা, প্রকল্প ঋণ ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫৭ কোটি ৭১ লাখ টাকা ব্যয় হবে।
এছাড়া, ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্প পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদনের বিষয়েও একনেককে অবহিত করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর