ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তাঁর বক্তব্য বা ইচ্ছাকে সরকার গুরুত্ব দিচ্ছে না। বাংলাদেশের প্রচলিত আইন ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাঁকে দেশে ফিরতে হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা এবং বেতন-ভাতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। এর যথাযথ বাস্তবায়ন হলে নারী-পুরুষ নির্বিশেষে সব সাংবাদিক উপকৃত হবেন।
নারী সাংবাদিকদের প্রশিক্ষণ ও সাংগঠনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রেস ক্লাবে নারী সাংবাদিকদের জন্য নির্দিষ্ট জায়গা ও পৃথক টয়লেটের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা হবে। এ বিষয়ে লিখিত আবেদন করার পরামর্শ দেন তিনি।
এ ছাড়া উইমেন্স জার্নালিস্ট ফোরামের প্রকাশনা তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়ে প্রচলিত নিয়ম মেনে আবেদন করা হলে সরকারি বিজ্ঞাপনের সুযোগ বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
সভায় নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো ও প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন ফোরামের নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর