সরকারি সড়কের চার কিলোমিটার এলাকার গাছ কেটে নেওয়ার মহোৎসব শুরু হয়েছে। গত কয়েকদিন থেকে অব্যাহত ভাবে গাছগুলো কেটে নেওয়া হলেও মঙ্গলবার এনিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বরিশালের উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, উজিরপুর উপজেলার সানুহার থেকে ধামুরা সড়কের উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। গত ২ নভেম্বর বিকেল চারটার দিকে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে তিনি অফিসে চলে আসেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল দশটার দিকে পুনরায় কার্যক্রম পরিদর্শনে গিয়ে দেখতে পান সড়কের মধ্যবর্তী স্থানের ৩/৪ টি গাছ কাটা।
সরেজমিনে উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কে গাছ কেটে নেওয়ার চিত্র দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েদিন পূর্বে অজ্ঞাতনামা ব্যক্তিরা সড়কের সরকারি গাছ মার্ক করে দিয়ে যায়। এরপরই শুরু হয় গাছ কেটে নেওয়ার মহোৎসব।
বিষয়টি নিয়ে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন। তার ওই পোস্টে সরকারি গাছ কেটে নেওয়ার বিষয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীসহ কয়েকজনকে দায়ী করেছেন। যদিও তিনি দলীয় নেতাদের অনুরোধে পরবর্তীতে পোস্টটি ডিলিট করার বিষয়টি বুধবার দুপুরে শিকার করেছেন। তবে গাছ কাটার বিষয়টি সত্য বলে তিনি দাবী করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সানুহার থেকে ধামুরা সড়কের উন্নয়ন কাজ চলছে। এজন্য রাস্তার দুই পাশ খোড়া হচ্ছে। এ সুযোগে প্রভাবশালী মহল সরকারি রাস্তার দুইপাশের বিভিন্ন প্রজাতির গাছ দিনে ও রাতে সমানতালে কেটে নিয়ে যাচ্ছেন। এরইমধ্যে সানুহার থেকে কচুয়া পর্যন্ত সড়কের দুই পাশের গাছ কেটে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে উজিরপুর উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাঢ়ীর (০১৩৪১-৭৩৭৭০৬) নাম্বারে একাধিকবার যোগা ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনধরনের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
তবে উজিরপুর বন কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, গাছগুলো সামাজিক বনায়নের না। তবে শুনেছি সাবেক এক সংসদ সদস্য স্থানীয়দের নিয়ে গাছগুলো রোপন করেছিলেন। এরপরও বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, রাস্তাটি এলজিইডির তবে গাছগুলো কারা লাগিয়েছিলেন তা এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি। যেহেতেু সরকারি জায়গার গাছ চুরি হয়েছে তাই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার আলী সুজা বলেন, বিষয়টি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর