দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে আবার ফিরে আসার সুযোগ তৈরির চেষ্টা করা হলে জাতির সামনে তা উন্মোচন করা হবে। দেশের ভেতরে, সীমান্তের বাইরে কিংবা সম্মিলিতভাবে কোনো ষড়যন্ত্রই বাস্তবায়িত হতে দেওয়া হবে না।
আজ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপচেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হাতে তা দমন করবে।
বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল হিসেবে তারা ব্যর্থ হতে চান না এবং সক্রিয় ভূমিকা রাখতে চান—এ উদ্যোগকে তিনি স্বাগত জানান। সরকার সবসময় বিরোধী দলের সহযোগিতা প্রত্যাশা করে এবং ইতোমধ্যে তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে।
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, কিছুদিন ধরে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নানা তৎপরতা দৃশ্যমান হচ্ছে। দেশের রাজনৈতিক সচেতন মানুষ এসব কর্মকাণ্ড বুঝতে পারছেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিরা সেখান থেকে কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, এসব কার্যক্রমের আইনগত বৈধতা কী এবং দেশের অভ্যন্তরে কারা তাদের সহযোগিতা করছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি বলেন, বিরোধীদলীয় নেতা তাঁর বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি। সংসদীয় রীতির কারণে অনুপস্থিত ব্যক্তিদের নাম উল্লেখ না করাই স্বাভাবিক। তবে সংশ্লিষ্ট বক্তব্য, গোয়েন্দা সংস্থার টেলিফোন নম্বর থেকে পাঠানো বার্তা কিংবা বিরোধী দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে দেওয়া হুমকির তথ্য সরকারকে জানানো হলে তা তদন্ত করে দেখা হবে।
দেশের অন্যতম প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ খাতে নৈরাজ্য তৈরির জন্য একটি নীলনকশা করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগও করা হয়েছে। তবে সরকার সফলভাবে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে।
তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা অতিরিক্ত বলপ্রয়োগ করেনি; বরং বিভিন্ন ঘটনায় নিজেরাই আহত হয়েছে। এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি রাজনৈতিক ইস্যু তৈরির সুযোগ পায়। সরকার সচেতনভাবে সে সুযোগ দেয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ এবং ময়মনসিংহের কিছু অংশ তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এসব এলাকায় শিল্প পুলিশ, সাধারণ পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
শিল্পের উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষিত করতে শিল্পমালিক ও শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করা হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, শিল্পমালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সরকারের উদ্যোগে সহযোগিতা করছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগীদের পাশাপাশি কয়েকজন শিল্পমালিকেরও অস্থিরতা সৃষ্টির প্রচেষ্টায় সহযোগিতার বিষয়টি সরকার লক্ষ্য করেছে। তবে শিল্পমালিকদের আশ্বস্ত করা হয়েছে, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক ক্রেতা, বিনিয়োগকারী ও শিল্পমালিকদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ শতভাগ বজায় থাকবে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে সামগ্রিক পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা যৌক্তিক নয়।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।
অপরাধের পরিসংখ্যান বিশ্লেষণের ক্ষেত্রে আগের বছরের একই সময়ের তথ্যের সঙ্গে তুলনা করার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে আগের বছরের একই সময়ের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়নি।
তিনি দাবি করেন, চলতি বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০ কমেছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর