ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীর কদমতলী মৎস্য অভয়াশ্রমে পানি ও প্রাকৃতিক খাদ্যসংকট নিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশের পর অভয়াশ্রমটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। এ সময় তিনি দেশীয় প্রজাতির মা মাছ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
পলি জমে অভয়াশ্রমটি ভরাট হয়ে যাওয়ায় পানির গভীরতা কমে গেছে। পাশাপাশি দেখা দিয়েছে প্রাকৃতিক খাদ্যসংকট। এতে হুমকির মুখে পড়েছে দেশীয় প্রজাতির হাজার হাজার মা মাছের নিরাপদ আশ্রয় ও স্বাভাবিক বিচরণ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, সিপিবির পীরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি প্রভাত সমীর শাহাজান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, কদমতলী মৎস্য অভয়াশ্রমের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম, সহসভাপতি এন্তাজুল হকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় অভয়াশ্রমের বর্তমান পরিস্থিতি ও মা মাছের নিরাপদ আবাসস্থল রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। ইউএনও গোলাম রব্বানী সরদার মা মাছ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত অভয়াশ্রমটি খনন, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং মাছের খাদ্যসংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কদমতলী মৎস্য অভয়াশ্রম।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর