সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা
অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৬, ১৯:২৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
৫৪তম জাতীয় দিবস ‘ইদ আল ইতিহাদ’ উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা ৪৪০ জন বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা প্রদান করেছেন, যা দেশটির দীর্ঘদিনের মানবিক ও ক্ষমাশীল ঐতিহ্যের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। বুধবার ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবেই এই ক্ষমা ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে আমিরাতের নেতৃত্ব দেশজুড়ে বিভিন্ন দেশের হাজারো দণ্ডিত বন্দিকে ক্ষমা করে মুক্তির সুযোগ দিয়েছে। প্রতি বছর ঈদ, জাতীয় দিবসসহ গুরুত্বপূর্ণ জাতীয় ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা এ ধরনের রাজকীয় ক্ষমা ঘোষণা করে থাকেন, যার মূল লক্ষ্য হলো ক্ষমাশীলতা জোরদার করা, সমাজে পুনরায় একীকরণ নিশ্চিত করা এবং পারিবারিক বন্ধন পুনঃস্থাপনকে উৎসাহ দেওয়া। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২০২৫ সালের শেষভাগে বাস্তবায়িত এই ক্ষমা কর্মসূচির আওতায় বিপুল সংখ্যক বন্দি মুক্তি পেয়েছেন, যার মধ্যে বাংলাদেশি নাগরিকরাও অন্তর্ভুক্ত ছিলেন এবং এতে তারা নতুন করে জীবন গড়ার পাশাপাশি পরিবার ও সমাজে ফিরে যাওয়ার সুযোগ লাভ করেছেন। এই উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতের শাসকদের মানবিক মূল্যবোধ, সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার প্রতি দৃঢ় অঙ্গীকারকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ‘ইদ আল ইতিহাদ’ প্রতি বছর ২ ডিসেম্বর পালিত হয়, যা ১৯৭১ সালে এক পতাকার নিচে আমিরাতসমূহের ঐতিহাসিক ঐক্যের স্মারক হিসেবে উদযাপিত হয়।