আসন্ন সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ। তার এই পদক্ষেপকে ঘিরে বরগুনার রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার, পাশাপাশি সাধারণ মানুষের মাঝে জেগেছে নতুন প্রত্যাশা।
দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত বরগুনা জেলার মানুষ একজন কার্যকর ও গ্রহণযোগ্য নেতৃত্বের অপেক্ষায় ছিলেন। স্থানীয়দের মতে, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিনের সক্রিয়তা, সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক এবং নারী উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে আসমা আজিজ ইতোমধ্যেই আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌড়ে আসমা আজিজ একটি শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার রাজনৈতিক জীবনে রয়েছে দীর্ঘ সংগ্রাম, দলীয় দুঃসময়ে সক্রিয় ভূমিকা এবং একাধিক মামলা-হামলার অভিজ্ঞতা—যা তাকে একজন পরীক্ষিত ও ত্যাগী নেত্রী হিসেবে পরিচিত করেছে।
বর্তমানে বরগুনা-১ আসনে বিএনপির কোনো সংসদ সদস্য না থাকায় জেলার উন্নয়ন কার্যক্রমে একটি শূন্যতা অনুভূত হচ্ছে। এই প্রেক্ষাপটে স্থানীয়রা মনে করছেন, আসমা আজিজ মনোনয়ন পেলে জেলার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সম্প্রতি তিনি বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন। এসময় তিনি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জনদুর্ভোগের চিত্র তুলে ধরে সেগুলো সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আসমা আজিজ বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। সুযোগ পেলে বরগুনাকে একটি আধুনিক, উন্নত ও মানবিক জেলায় রূপান্তর করতে চাই। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও স্বনির্ভরতা নিশ্চিত করা হবে আমার অন্যতম অগ্রাধিকার।
বরগুনার রাজনৈতিক অঙ্গনে একাধিক নারী নেত্রীর নাম আলোচনায় থাকলেও অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের শক্তিশালী সংযোগের কারণে আসমা আজিজ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
উল্লেখ্য, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় সিদ্ধান্তে প্রার্থী না হলেও দলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দলীয় উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তার এই আনুগত্য ও সাংগঠনিক অবদান ইতিবাচকভাবে বিবেচিত হতে পারে।
সবশেষে, দলীয় সিদ্ধান্তই নির্ধারণ করবে কে পাচ্ছেন চূড়ান্ত মনোনয়ন। তবে বরগুনাবাসীর প্রত্যাশা—জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একজন যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকেই মনোনয়ন দেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর