ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে বাড়তি বা বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত একটি ভালো লেভেল প্লেয়িং ফিল্ড বিদ্যমান রয়েছে এবং সরকার কাউকে এক্সট্রা সুবিধা দেওয়ার নীতিতে নেই। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ওই বৈঠকে ইইউ আসন্ন জাতীয় নির্বাচনে একটি বড় পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। তিনি উল্লেখ করেন, এর আগে ইইউ কোনো পর্যবেক্ষক দল পাঠায়নি, কারণ তাদের মূল্যায়নে আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এবং পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী মিসইনফরমেশন ছড়ানোর চেষ্টা করতে পারে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মতে নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বিচ্ছিন্নভাবে দু-একটি হত্যাকাণ্ড ঘটলেও প্রতিটি ঘটনা সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং সব ক্ষেত্রেই অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গণভোট প্রসঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে এবং প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদের জানিয়েছেন যে, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর