
যেকোনো গণমাধ্যমের উপর আক্রমণকে সভ্যতার উপর আক্রমণ হিসেবে সরকার বিবেচনা করে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মন্ত্রী আজ কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো’র অফিস পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
প্রথম আলো পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্যমন্ত্রী বলেন, কাছ থেকে এ ধ্বংসযজ্ঞ দেখে এর সাথে যে সভ্যতাবিরোধী চিন্তা কাজ করেছে তা বেরিয়ে পড়েছে। তিনি বলেন, এ ধরনের অপশক্তি যাতে সমাজে প্রশ্রয় না পায়, সে ব্যাপারে রাষ্ট্র ও সরকার সচেতন থাকবে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে।
জহির উদ্দিন স্বপন বলেন, কোনো অপরাধ তামাদি হতে পারে না। যেকোনো অপরাধ, সেটা তাৎক্ষণিকভাবেই হোক বা যত সময়ের ব্যবধানেই হোক, তা জবাবদিহি ও বিচার প্রক্রিয়ার আওতায় আনতেই হবে। তিনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
প্রথম আলো পরিদর্শন শেষে মন্ত্রী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।