বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, বিজয়া পুনর্মিলনী কেবল একটি ধর্মীয় বা সামাজিক আয়োজন নয়; এটি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য মিলনমেলা। এ ধরনের আয়োজন সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী ২০২৬’ ও ‘বাণী অর্চনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পীকার তাঁর বক্তব্যের শুরুতে মাননীয় প্রধান বিচারপতির বাণী উদ্ধৃত করে বলেন, বাংলাদেশের সংবিধান ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও ধর্ম পালনের স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসব অধিকার রক্ষা করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, বরং আমাদের প্রত্যেকের নৈতিক ও নাগরিক দায়িত্ব।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’-এর মূল লক্ষ্য একটি গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি এবং সকল নাগরিকের সমান মর্যাদা নিশ্চিত করতে সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন প্রত্যাশা ও ঐক্যের যে বার্তা তৈরি হয়েছে, তা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। বাংলাদেশে আমরা কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করতে চাই না। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। এবারের দুর্গাপূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উদযাপিত হওয়া সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইতিবাচক দৃষ্টান্ত।
নিজের নির্বাচনী এলাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ কিংবা কে খ্রিষ্টান—তার চেয়ে বড় পরিচয় হলো আমরা সবাই মানুষ। আমাদের সবার রক্তের রং লাল। মানবতাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। প্রত্যেক ধর্মেই মানবকল্যাণ, ন্যায়, সততা ও পরোপকারের শিক্ষা রয়েছে। নিজ নিজ ধর্মের প্রকৃত শিক্ষা ধারণ করতে পারলে সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ দূর করা সম্ভব।
তিনি আরও বলেন, অতীতে মানুষের কথা বলার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক অধিকার বাধাগ্রস্ত হয়েছে। আমরা আর কখনো এমন বাংলাদেশ দেখতে চাই না। সংবিধান ও আইনের শাসনের ভিত্তিতে সকল নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। গণমাধ্যমসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ডেপুটি স্পীকার বলেন, মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল একটি স্বাধীন, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও মানুষের প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক বিভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও নাগরিক অধিকার সংরক্ষণে আইনজীবী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্য ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায়ও তাঁদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
তিনি বিজয়া পুনর্মিলনী ও বাণী অর্চনা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির নেতৃবৃন্দ, আয়োজক এবং উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট চিত্রা রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিতাই রায় চৌধুরী এমপি ও মন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, জয়নুল আবেদীন এমপি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ, সম্পাদক মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, বিজয়া পুনর্মিলনী কমিটির আহ্বায়ক, আইনজীবী নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর