
প্রস্তাবিত ও বাস্তবায়নাধীন ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’–এর স্কুলিং মডেল বাতিলের দাবিতে সায়েন্সল্যাব মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে দশটার দিকে কলেজ থেকে মিছিল নিয়ে শতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন, ফলে নিউমার্কেট এলাকার মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের দীর্ঘদিনের ইতিহাস, স্বকীয়তা, সুনাম ও নিজস্ব শিক্ষা–পরিবেশের ওপর ভিত্তি করে যে পরিচিতি গড়ে উঠেছে, নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো সেই পরিচিতি ক্ষুণ্ন করতে পারে। তারা বলেন, শত বছরের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানগুলোর অবস্থান ও পরিচিতি বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামত ছাড়া নেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজধানীর সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়। ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর