প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৩:২৩ পূর্বাহ্ণ
সেবামূলক সরকারি প্রতিষ্ঠানে চালু হবে ‘মিট দ্য প্রেস’: জহির উদ্দিন স্বপন

সরকারের আওতাধীন সব জনসেবা বিভাগ ও দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন এমপি।
বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি ও প্রাতিষ্ঠানিক পুকুর এবং উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার রাজনৈতিক উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের দোরগোড়ায় তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারি সেবার গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সরকারের আওতাধীন জনসেবা বিভাগ ও দপ্তরগুলোতে নিয়মিত ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হবে। এর মাধ্যমে প্রশাসন ও সংবাদমাধ্যমের সমন্বয়ে জনগণের কাছে বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছাবে।
আঞ্চলিক মৎস্য খাত সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, গৌরনদীর সরকারি হ্যাচারির সক্ষমতা বাড়িয়ে মাছের রেণু থেকে উন্নতমানের পোনা উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে স্থানীয় জনগণের পোনার চাহিদা পূরণের পাশাপাশি জেলা ও জাতীয় পর্যায়েও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীমের সভাপতিত্বে পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোবর আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান এবং পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা।
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গৌরনদীর বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও সরকারি পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর