স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রত্যাহারকে প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত মনোভাবের প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে বা দল সমর্থিত প্রার্থীর বিরোধিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হলে কিংবা দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিলে তাঁর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজের নির্বাচনী এলাকা বরিশাল-১ আসনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার শতাধিক দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন জহির উদ্দিন স্বপন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বুধবার উপদেষ্টার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জহির উদ্দিন স্বপন বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী দলের নেতাকর্মীদের মাঠপর্যায়ে কাজ করতে হবে। দলের ভেতরে থেকে কেউ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে কিংবা দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাঁকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়নের সার্বিক রাজনৈতিক তথ্য দলের নীতি-নির্ধারকদের কাছে রয়েছে। মনে রাখবেন, আগামী নির্বাচনে দল কেবল জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদেরই সমর্থন দেবে। যদি কারো শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে দলের সুনাম বা স্বার্থ ক্ষুণ্ন হয়, সে যত বড় নেতাই হোক না কেন—তাকে দলবিরোধী হিসেবে চিহ্নিত করে সাংগঠনিক শাস্তি দেওয়া হবে।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরও বলেন, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নির্বাচনী তৎপরতা ও ভূমিকার ওপর কঠোর নজরদারি রাখা হচ্ছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম এবং সদস্য সচিব মোল্লা বসির আহমেদ পান্নাসহ দুই উপজেলার পূজা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর