আওয়ামী লীগ ও দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দায়িত্ব এখন নির্বাচিত সরকারের।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম এ স্মরণসভার আয়োজন করে।
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক, কৃষক ও ছাত্ররা যুদ্ধে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও মানুষের হৃদয়ে লেখা ইতিহাস টিকে রয়েছে।
রিজভী বলেন, ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই—সবই বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। একটি সংগ্রামের চেতনা অন্য সংগ্রামকে প্রভাবিত করেছে।
তিনি বলেন, ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা ছিল একনায়ককে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। সেই চেতনা জুলাইয়ের আন্দোলনকেও প্রভাবিত করেছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ১৯৯০ সালের চেতনা, ৭ নভেম্বরের চেতনা এবং জুলাইয়ের অর্জন ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুধু সরকার পেলেই হবে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দায়িত্বও রয়েছে।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ওই সংগ্রামের অর্জিত গৌরব তাঁকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রামে অনুপ্রাণিত করেছে। সেই চেতনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকের পতন সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। স্মরণসভাটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর