
দেশের মোট ১৭টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কয়েকটি এলাকায় এই শৈত্যপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দেশের তাপমাত্রা কিছুটা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান।
আবহাওয়া অফিসের তথ্যমতে, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত গভীর থেকে সকাল পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার প্রভাবে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌযান চলাচল ও সড়ক যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
সংস্থাটি আরও জানায়, বর্তমানে মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে এবং কিছু জেলায় তা লাঘব হতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকা সত্ত্বেও সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। পাশাপাশি কুয়াশার কারণে পরিবহন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটতে পারে এবং রাত–দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। এই সময়ে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে আবহাওয়ার ধরণ প্রায় একই থাকার কথা জানিয়ে বলা হয়, রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর