
দেশে শৈত্যপ্রবাহের প্রভাব কিছুটা কমলেও শুক্রবারও দেশের ২০টি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমান শৈত্যপ্রবাহের এই পরিস্থিতি আরও অন্তত দুই দিন অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। এ সময় এর বিস্তৃতি কখনো কমতে, কখনো বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় গতকাল শৈত্যপ্রবাহ বয়ে গেছে। পাশাপাশি নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছে।
রংপুর ও রাজশাহী বিভাগে মোট জেলার সংখ্যা ১৬টি। এর সঙ্গে চারটি জেলা যুক্ত হওয়ায় শুক্রবার মোট ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এর আগের দিন বৃহস্পতিবার দেশের ২৪টি জেলায় শৈত্যপ্রবাহ ছিল। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস। আর তার আগের দিন বুধবার নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। এই পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।
নীলফামারীতে গতকাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস।
সৈয়দপুর আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৯ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। এদিন দৃষ্টিসীমা নেমে আসে মাত্র ১৫০ থেকে ২০০ মিটারে।
গত তিন দিনে মাত্র অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও দুপুরের পর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও ছিন্নমূল মানুষ। কাজে বের হতে না পারায় অনেকের আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। খোলা আকাশের নিচে বসবাসকারী মানুষের দুর্ভোগ দিন দিন চরম আকার ধারণ করছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর