জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রথমবারের মতো ২৪ ঘণ্টার জন্য বেনাপোল–পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৪৭ সাল থেকে এ পথ দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হলেও ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে কখনোই চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়নি। ঝড়বৃষ্টি কিংবা করোনাভাইরাস মহামারির সময়ও দু’দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এই প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “আগামী বৃহস্পতিবার দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে স্বাধীনতার ৫৫ বছর পর এই প্রথম নির্বাচনের দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি।”
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, নির্বাচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। সে অনুযায়ী বৃহস্পতিবার সারাদিন বেনাপোল–পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো যাত্রী চলাচল করতে পারবেন না। তবে শুক্রবার সকাল ৬টার পর থেকে পুনরায় যাত্রী চলাচল স্বাভাবিক হবে। তিনি আরও জানান, অন্যান্য সময়ে জরুরি প্রয়োজনে বা গুরুতর অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে ইমিগ্রেশন খোলা রাখা হলেও এবার সে সুযোগ থাকছে না পুরোপুরিভাবেই যাত্রী চলাচল বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, “জাতীয় সংসদ নির্বাচনের কারণে বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা পেয়েছি। এ সংক্রান্ত একটি চিঠি আমার দপ্তরে এসেছে।”
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর