• ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ণ
এশিয়ান গেমসে ক্রিকেটে স্বর্ণপদক চায় বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন....

আসন্ন এশিয়ান গেমস ক্রিকেটে পুরুষ ও নারী—উভয় দলকে ভালো ফল এনে দেওয়ার পাশাপাশি স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

আসন্ন এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক জয়ের সামর্থ্য বাংলাদেশের রয়েছে বলে মনে করছেন দলের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তাঁর প্রত্যাশা, পুরুষ ও নারী—দুই দলই ভালো খেলবে এবং বাংলাদেশ ভালো ফল নিয়ে ফিরবে।

আজ সংবাদমাধ্যমকে সালাহউদ্দিন বলেন, এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হওয়া ছাড়া অন্য কোনো লক্ষ্য নিয়ে তারা ভাবছেন না। দুই দলই ভালো খেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে প্রথমবার ক্রিকেট অন্তর্ভুক্ত হয়। সেবার পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ।

এরপর ২০১৪ ও ২০২৩ সালের আসরে পুরুষ দল ব্রোঞ্জপদক অর্জন করে। নারী দল ২০১০ ও ২০১৪ সালে রৌপ্যপদক এবং ২০২৩ সালে ব্রোঞ্জপদক জেতে।

তবে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত মানিয়ে নেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সালাহউদ্দিন। তিনি জানান, বাংলাদেশ বেশ কিছুদিন ধরে টি-টোয়েন্টি খেলছে না। ফলে দ্রুত এই সংস্করণের সঙ্গে মানিয়ে নেওয়া এবং খেলার ছন্দে ফিরে আসাই হবে গুরুত্বপূর্ণ বিষয়।

পুরুষ ক্রিকেট টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নেবে। র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। আগামী ২৮ সেপ্টেম্বর শেষ আটের ম্যাচে মাঠে নামবে তারা। প্রথম পর্বের খেলা শেষে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হবে।

কোয়ার্টার ফাইনালে জিতলে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১ অক্টোবর।

জাপানের উইকেট সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, উইকেটের বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। তবে এই উইকেট কে তৈরি করেছেন, সেটি তিনি জানেন।

এশিয়ান গেমস ক্রিকেটের ভেন্যু ‘কো রোগি স্পোর্টস পার্ক’-এর অস্থায়ী ক্রিকেট পিচটি তৈরি করেছেন বাংলাদেশের সাবেক কিউরেটর গামিনি ডি সিলভা। শ্রীলংকায় জন্ম নেওয়া এই কিউরেটর প্রায় ১৫ বছর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইচি-নাগোয়া ভেন্যুতে কৃত্রিম ও প্রাকৃতিক ঘাসের সমন্বয়ে তৈরি ‘হাইব্রিড’ পিচে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

পরিচিত কিউরেটরের তৈরি উইকেটে বাংলাদেশ ঘরের মাঠের মতো সুবিধা পাবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন জানান, এ ক্ষেত্রে আবহাওয়া ও পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রতিটি দেশের আবহাওয়া আলাদা। তাই উইকেটের প্রকৃত অবস্থা আবহাওয়ার ওপরই নির্ভর করবে।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...