দুর্গাপূজায় নিরাপত্তায় শার্শা পুলিশের কঠোর অবস্থান, ২৪ মণ্ডপে নজরদারি
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে শার্শায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) শার্শা থানায় এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
সভায় শার্শা থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী বৈদ্য নাথ দাস, সাধারণ সম্পাদক নীল কুমার সিংহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী জয়দেব কুমার সিংহ, সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, পূজা উদযাপন কল্যাণ ফান্ডের সভাপতি কার্তিক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক শম্ভু পালসহ উপজেলার ২৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজাকে ঘিরে শার্শার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। পূজার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নজরদারি ও ব্যবস্থা নেওয়া হবে।