নওগাঁর পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ হাজার লিটার চোলাই মদ তৈরির ওয়াশ, ৫ লিটার প্রস্তুত মদ ও বিভিন্ন উপকরণ জব্দ করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা ও পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পত্নীতলা থানাধীন কৃষ্ণপুর ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির কাঁচামাল ও উপকরণসহ প্রায় ১ হাজার লিটার ওয়াশ এবং ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে জব্দ করা মদ তৈরির উপকরণ ও ওয়াশ ধ্বংস করা হয়।
অভিযানে চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বদলপুর গ্রামের বান্দন (৪৫), তাঁর ছেলে সুজিত (২১) এবং রহিন (৩৬)। তাঁদের সবার বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার বদলপুর এলাকায়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর