ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতার উত্তাপ দেখা গেল এশিয়া কাপের ফাইনাল ম্যাচেও। শিরোপা নির্ধারণী খেলায় পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও, মেডেল ও ট্রফি না নিয়েই মাঠ ছাড়েন ভারতীয় ক্রিকেটাররা।
ফাইনাল ম্যাচ শেষে প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ব্যক্তিগত পুরস্কার যথারীতি প্রদান করা হলেও চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়ার সময় তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। ম্যাচ শেষে সঞ্চালক সাইমন ডুল জানান, ‘এসিসির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, ভারতীয় দল আজ তাদের পুরস্কার গ্রহণ করবে না।’
ডুল কিংবা ভারতীয় দলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে রানার্স-আপ হিসেবে পাকিস্তানের ক্রিকেটাররা নিজেদের মেডেল ও অধিনায়ক সালমান আলি আঘা ডামি চেক গ্রহণ করেন। অন্যদিকে ব্যক্তিগত পুরস্কারে তিলক ভার্মা ম্যাচসেরা, অভিষেক শর্মা টুর্নামেন্ট সেরা এবং কুলদীপ যাদব সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার হাতে নেন।
পুরস্কার বিতরণ মঞ্চে কোনো খেলোয়াড়ের হাতে ট্রফি তুলে দেননি মহসিন নাকভি। তার পরিবর্তে দায়িত্ব পালন করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নাকভি শুধু মঞ্চে উপস্থিত ছিলেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্যমতে, পাকিস্তানের মন্ত্রী পরিষদের সদস্য ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত থাকায় ভারতীয় দল তার হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি। এসিসি প্রধান হিসেবে নাকভির হাতেই ট্রফি দেওয়ার কথা ছিল।
গত কয়েক মাস ধরে ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনায় জড়িয়ে আছে। ফাইনালের আগেই শোনা যাচ্ছিল, ভারত চ্যাম্পিয়ন হলে নাকভির হাত থেকে ট্রফি নেবে না। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও, পুরস্কার গ্রহণ না করার মধ্য দিয়ে সেই গুঞ্জনই সত্যি হলো বলে মনে করছে ক্রিকেট মহল।
ট্রফি গ্রহণ না করলেও, ভারতীয় ক্রিকেটাররা মাঠে নিজেদের মতো করে উদযাপন করেন এবং ফটোগ্রাফারদের জন্য চ্যাম্পিয়ন দলের ভঙ্গিতে পোজ দিয়ে ছবি তোলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর