ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে প্রায় দুই বছর পর দেশে ফিরেছেন দুই বাংলাদেশি কিশোরী। ভারতের কারাগার ও সেফ হোমে থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাঁরা দেশে ফেরেন।
ফেরত আসা দুই কিশোরী হলেন নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস (১৮) ও একই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে ২০২৪ সালের ৪ আগস্ট সীমান্তের চোরাপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই দুই কিশোরী। পরে বেঙ্গালুরু শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় একই বছরের ২৭ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হন তাঁরা।
ওসি বলেন, আটকের পর তাঁদের আদালতে নেওয়া হয়। আদালতের নির্দেশে পরে বালাকিরা বালামন্দিরের গার্লস হোমে রাখা হয়। প্রায় দুই বছর পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে মঙ্গলবার তাঁরা দেশে ফেরেন।
দেশে ফেরার পর বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। পরে মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার তাঁদের গ্রহণ করে।
জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোরের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম বলেন, ‘ফেরত আসা দুই কিশোরীকে প্রথমে তাঁদের শেল্টার হোমে রাখা হবে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর