সম্পদ অর্জনে নতুন ইতিহাস গড়লেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। বর্তমানে মার্কিন এই ধনকুবেরের নিট সম্পদ ৭০০ বিলিয়ন বা ৭০ হাজার কোটি ডলার অতিক্রম করেছে। ইতিহাসে এই প্রথম কারও সম্পদ ৭০০ বিলিয়ন ডলার ছাড়াল। মূলত ডেলাওয়ার সুপ্রিম কোর্টের রায়ের পর তার মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে, যা তাকে বিশ্বের প্রথম ৭০০ বিলিয়ন ডলারের ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুযায়ী ডেলাওয়ার সুপ্রিম কোর্ট টেসলার শেয়ারভিত্তিক পারিশ্রমিক চুক্তি পুনর্বহাল করায় মাস্কের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৯ বিলিয়ন ডলারে। গত বছর বাতিল হওয়া এই শেয়ার অপশনের মূল্য ১৩৯ বিলিয়ন ডলার। ২০১৮ সালে তৈরি মাস্কের পারিশ্রমিক প্যাকেজটির একসময় মূল্য ছিল ৫৬ বিলিয়ন ডলার, তবে নিম্ন আদালত সেটিকে ‘অচিন্তনীয়’ উল্লেখ করে বাতিল করে। শুক্রবার ডেলাওয়ার সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত উল্টে দিয়ে প্যাকেজটি পুনর্বহাল করে জানায়, ২০২৪ সালের যে রায়ে চুক্তিটি বাতিল করা হয়েছিল তা অনুচিত ও মাস্কের প্রতি অন্যায় ছিল।
এর আগে চলতি সপ্তাহেই মাস্ক ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে ৬০০ বিলিয়ন ডলারের বেশি সম্পদের মালিক হন। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স শিগগিরই শেয়ারবাজারে আসতে পারে— এমন প্রতিবেদনের পরই তার সম্পদের পরিমাণ দ্রুত বাড়তে শুরু করে। এর আগে গত নভেম্বরে টেসলার শেয়ারহোল্ডাররা মাস্কের জন্য এক ট্রিলিয়ন ডলারের একটি আলাদা পারিশ্রমিক পরিকল্পনা অনুমোদন করেন, যা করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় প্যাকেজ হিসেবে বিবেচিত।
বিনিয়োগকারীরা টেসলাকে শুধুমাত্র বৈদ্যুতিক গাড়ি নির্মাতা নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্সভিত্তিক শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরের মাস্কের পরিকল্পনার প্রতিও সমর্থন জানান। ফোর্বসের তালিকা অনুযায়ী বর্তমানে মাস্কের সম্পদ বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেজের তুলনায় প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি। যদিও বছরটি মাস্কের জন্য অস্থিরতার মধ্য দিয়েই শুরু হয়েছিল— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে যোগ দেওয়া ও পরবর্তীতে বিভিন্ন বিরোধের কারণে সরে আসার ঘটনা তার জীবনে নতুন অভিজ্ঞতা যোগ করে। পরবর্তীতে টেসলার বিকাশে পূর্ণ মনোযোগ দেওয়াই কোম্পানিটির শেয়ারে প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর