রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন যুবক হিরো আলমকে ঘিরে ফেলে হঠাৎ আক্রমণ চালায়। তারা এলোপাতাড়ি মারধর করলে হিরো আলম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে নেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হিরো আলমের স্ত্রী রিয়া মনি জানান, হামলার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। তিনি আরও বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন তার অবস্থা বেশ আশঙ্কাজনক। পরিস্থিতি আরও খারাপ হতে পারে যেকোনো সময়। তাই আমরা তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেছি। দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’
রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘আফতাবনগরে হিরো আলমের ওপর হামলা হয়েছে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়েছি। ঘটনাস্থল শনাক্তের চেষ্টা চলছে। এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরজুড়ে আঘাতের দাগ রয়েছে। তার গায়ে থাকা টি-শার্ট ছেঁড়া অবস্থায় দেখা গেছে।
এছাড়া ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তাকে আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা ছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর