বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে চলমান বিক্ষোভে অন্তত ২২ জন নিহত হওয়ার পর মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, এ সহিংসতায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন।
গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ আন্দোলন সোমবারও অব্যাহত ছিল। রাজধানী আন্তানানারিভোর তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা ক্রমাবনতিশীল জীবনযাত্রা, ঘন ঘন লোডশেডিং ও পানির সংকটের প্রতিবাদে রাস্তায় নামে।
স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা যায়, বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় সঙ্গীত গেয়ে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন সুপারমার্কেট, ইলেকট্রনিকস দোকান ও ব্যাংকে লুটপাটের খবর পাওয়া গেছে। এমনকি কয়েকজন রাজনীতিবিদের বাড়িতেও হামলা হয়েছে।
সোমবার টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা সরকারের ব্যর্থতার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘সরকার যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকে তবে আমরা ক্ষমা চাইছি। আমি জনরোষ বুঝতে পারছি এবং বিদ্যুৎ-পানির সংকটে মানুষের কষ্ট উপলব্ধি করছি।’ তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের সহায়তার আশ্বাস দেন এবং তরুণদের আলোচনায় বসার আহ্বান জানান।
জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, হতাহতের মধ্যে শুধু বিক্ষোভকারীরা নন, সাধারণ মানুষও রয়েছেন। কেউ নিরাপত্তা বাহিনীর গুলিতে, আবার কেউ লুটপাট ও গ্যাং সহিংসতায় প্রাণ হারিয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্যকে ‘গুজব ও ভ্রান্তি’ হিসেবে প্রত্যাখ্যান করেছে।
পর্যবেক্ষকরা মনে করছেন, ২০২৩ সালে পুনর্নির্বাচনের পর এটি প্রেসিডেন্ট রাজোয়েলিনার সবচেয়ে বড় রাজনৈতিক সংকট। প্রায় তিন কোটি মানুষের দেশ মাদাগাস্কার আফ্রিকার অন্যতম দরিদ্র রাষ্ট্র। বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০২২ সালে দেশটির প্রায় ৭৫ শতাংশ জনগণ দারিদ্রসীমার নিচে বসবাস করছিলেন।
এই বিক্ষোভ সংগঠিত হয়েছে মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। আয়োজকরা জানিয়েছেন, তারা কেনিয়া, নেপাল ও মরক্কোর সাম্প্রতিক তরুণ আন্দোলন থেকে অনুপ্রাণিত। আন্তানানারিভোর বিক্ষোভে নেপালের পতাকাও দেখা গেছে, যা চলতি মাসে দেশটির প্রধানমন্ত্রীর পদত্যাগে ভূমিকা রাখা আন্দোলনে ব্যবহৃত হয়েছিল।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর