প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় গত পাঁচ মাসে সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু টিকা পেয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে গত পাঁচ মাসে প্রায় দুই কোটি শিশু টিকা পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত জরুরি টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম ধাপে ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় এ কর্মসূচি শুরু হয়।
এরপর দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ—এই চারটি সিটি করপোরেশনে টিকাদান কর্মসূচি শুরু করা হয়। সর্বশেষ তৃতীয় ধাপে ২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি চালু করা হয়। কর্মসূচিটি এখনও চলমান রয়েছে।
তবে দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে হাম প্রতিরোধে সরকার নতুন করে সারাদেশে ব্যাপক টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুরুতে সারাদেশে প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন শিশু। এর বিপরীতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা পেয়েছে ১ কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ শিশু। ফলে লক্ষ্যমাত্রার তুলনায় টিকাদানের হার দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৮ শতাংশে।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন, ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন, খুলনা বিভাগে ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬ জন, রাজশাহী বিভাগে ২২ লাখ ১৩ হাজার ১৯৭ জন, রংপুর বিভাগে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ জন এবং সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।
সিটি করপোরেশনগুলোর মধ্যে বরিশালে ৪৪ হাজার ১১৯ জন, চট্টগ্রামে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০ জন, কুমিল্লায় ৪৮ হাজার ৬৪৩ জন, ঢাকা উত্তরে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮ জন, ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২ জন, গাজীপুরে ২ লাখ ৬ হাজার ৯২৭ জন, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭ জন, খুলনায় ৯৬ হাজার ৭৯২ জন, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫ জন, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯ জন, রংপুরে ৮২ হাজার ২৫৩ জন এবং সিলেটে ৭২ হাজার ৩৪৯ জন শিশু হাম-রুবেলার টিকা নিয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান বাসসকে বলেন, শিশুদের টিকা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। তবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে শিশুদের হামের টিকা দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে, তা সরকারের বাড়তি তৎপরতা।
তিনি বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কোনো শিশু যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর