
বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এ নাকি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে অপমান করা হয়েছে।
আরিয়ানের নির্মিত সিরিজটিতে এনসিবি কর্মকর্তার আদলে এক চরিত্র উপস্থাপন করা হয়েছে, যা ওয়াংখেড়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অভিযোগ করেন তিনি। এ অভিযোগে তিনি মানহানির মামলা দায়ের করেন। মামলার পর থেকেই তার পরিবার নানাভাবে হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন সমীর।
সম্প্রতি সমীর জানান, তিনি দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে একাধিক হুমকি ফোন পাচ্ছেন। শুধু তাই নয়, তার পরিবারকেও হুমকি দেওয়া হচ্ছে।
সমীর বলেন, ‘‘আমার স্ত্রী ও বোনকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার কারণে ওদের এ সব সহ্য করতে হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’’
তিনি আরও জানান, তিনি নিয়মিত পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন। তবে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি।
এই হুমকির সঙ্গে তার পেশার কোনো সম্পর্ক নেই বলে জানান সমীর। তবে মামলার সম্পর্ক থাকতে পারে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘‘এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করছি না। কারণ ঘটনাটা আদালতে বিচারাধীন।’’
উল্লেখ্য, ২০২১ সালে মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানকে গ্রেফতার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। যদিও তার কাছ থেকে কোনো মাদক উদ্ধার হয়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: এম.জি.আর.নাছির মজুমদার, সম্পাদক : এস এম রফিকুল ইসলাম, যোগাযোগ ঠিকানা: সেঞ্চুরি সেন্টার: খ-২২৫, প্রগতি সরণি, মেরুল,বাড্ডা, ঢাকা-১২১২।, ফোন নং : +৮৮-০২-৫৫০৫৫০৪৭ | মোবাইল নং: ০১৭১৬৩৭১২৮৬
www: dailybhor.com
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোর