• ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমান্ড-বেসড ট্রেনিং ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬, ০০:০৬ পূর্বাহ্ণ
ডিমান্ড-বেসড ট্রেনিং ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ডিমান্ড-বেসড ট্রেনিং ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে। অবকাঠামো ও সুযোগ-সুবিধার দিক থেকে পিছিয়ে থেকেও অনেকক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের চেয়ে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ভালো করছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অত্যন্ত জরুরি।
মন্ত্রী আজ চট্টগ্রামে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (BKTTC) এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে চট্টগ্রামে আরো দক্ষ কর্মী কীভাবে তৈরি করা যায়, সে বিষয়ে মন্ত্রণালয়ে সার্বিক পর্যালোচনা ও আলোচনা করা হবে। তিনি নতুন উদ্যোগের কথা জানিয়ে বলেন, কোন অঞ্চলে কী ধরনের ইন্ডাস্ট্রি রয়েছে এবং কোন ধরনের স্কিল বা প্রশিক্ষণ প্রয়োজন, তা চিহ্নিত করে সে অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে। চট্টগ্রাম থেকেই এমন একটি পাইলট প্রোগ্রাম শুরু করতে চায় সরকার বলে জানান তিনি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিভিন্ন দেশে কর্মরত আমাদের রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান থাকবে তারা যেন নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করেন এবং কোথায় কী ধরনের কাজের চাহিদা রয়েছে তা চিহ্নিত করেন। বিদেশের বাজার ও চাহিদানুযায়ী প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে শতভাগ দক্ষ জনশক্তি তৈরি ও রপ্তানি সম্ভব হবে।
এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিক ও শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদ উপস্থিত ছিলেন ।