• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বক্তব্যে ভারতের নাম উল্লেখের খবর নাকচ করল ঢাকা

প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতীয় গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপনের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ণ
তারেক রহমানের বক্তব্যে ভারতের নাম উল্লেখের খবর নাকচ করল ঢাকা
সংবাদটি শেয়ার করুন....

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে দায়ী করেছেন—ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এমন খবর নাকচ করেছে বাংলাদেশ। সরকার জানিয়েছে, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কোনো দেশের নাম উল্লেখ করেননি।

প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোর সত্যতা জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এসব কথা জানান।

মুখপাত্র বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে। কারণ, তিনি তাঁর বক্তব্যে কোনো দেশের নাম উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বিভিন্ন মহাদেশে বেপরোয়া তাণ্ডব চালাচ্ছে। নিরীহ মানুষের ওপর তারা যে ভয়াবহ সহিংসতা চালিয়েছে, তা পুরো বিশ্ব দেখেছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের এসব সহিংস কর্মকাণ্ড কয়েকটি দেশে নিরাপত্তা সংকট তৈরি করছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের অবস্থান ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের সুনাম নষ্ট হচ্ছে।

এ ধরনের সহিংসতা আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে আওয়ামী লীগের সহিংসতার সঙ্গে ভারতকে সম্পৃক্ত করে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপন করা হয়েছিল বলে দাবি করেছে ঢাকা।