২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীতের লক্ষ্য: প্রধানমন্ত্রী
চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি এবং পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা
অনলাইন ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি সম্প্রসারণে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। ২০৩১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পাশাপাশি এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
তিনি বলেন, বাংলাদেশকে উৎপাদনকেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হিসেবে প্রতিষ্ঠা করাই এ নীতিমালার অন্যতম লক্ষ্য। ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।
তিনি আরও জানান, আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এসএমই খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম। দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালির মতো দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে।
তিনি বলেন, মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা এ খাতের বিকাশে বড় প্রতিবন্ধকতা। এসব সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রপ্তানি বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে। এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পের পণ্য নিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সময় এসেছে।
তিনি জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের আধুনিক নকশা, গুণগত মান ও প্যাকেজিং নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
বিদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো শহরে এ ধরনের মেলার আয়োজন করা যেতে পারে। এতে উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি ও অর্ডার গ্রহণের ব্যবস্থা না থাকায় সে সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের আগে উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে বিদেশি ক্রেতারা তাৎক্ষণিকভাবে অর্ডার দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থা থাকে।
নারী উদ্যোক্তাদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তারা নিজেদের পণ্য বাজারজাত করছেন। নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করছে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, বছরের পর বছর চাকরির পেছনে সময় ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা ও চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিতে হবে।
অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত মেলার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন তিনি।