নিঃস্ব ব্যাবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য আইনি মুক্তির শেষ আশ্রয় কতটা যোগউপযোগী
মতামত ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০২:০০ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
ব্যবসা ও বিনিয়োগের জগতে লাভ যেমন বাস্তবতা, তেমনি লোকসানও একটি অনিবার্য সত্য। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ব্যবসায়িক ব্যর্থতা অনেক সময় কেবল আর্থিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না; এটি একজন মানুষের সামাজিক মর্যাদা, মানসিক স্থিতি, পারিবারিক নিরাপত্তা এবং ভবিষ্যৎকেও বিপর্যস্ত করে তোলে। ব্যাংক ঋণ, সুদের চাপ, অর্থঋণ আদালতের মামলা, চেক ডিজঅনার, পাওনাদারের চাপ এবং সামাজিক অপমান—সব মিলিয়ে অনেক উদ্যোক্তা ও ব্যবসায়ী একসময় চরম হতাশার মধ্যে পড়ে যান। কেউ আত্মগোপনে চলে যান, আবার কেউ জীবন শেষ করে দেওয়ার মতো ভয়াবহ সিদ্ধান্তও নেন।
অথচ বাংলাদেশের প্রচলিত আইনব্যবস্থায় এমন প্রকৃত নিঃস্ব ও আর্থিকভাবে বিপর্যস্ত মানুষের সুরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আইন রয়েছে— “দেউলিয়া আইন, ১৯৯৭”। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সচেতনতার অভাব এবং সামাজিক ভয়ের কারণে এই আইনের কার্যকর ব্যবহার এখনও অত্যন্ত সীমিত।
দেউলিয়া আইন কী এবং কেন প্রয়োজন?
দেউলিয়া আইন, ১৯৯৭-এর মূল উদ্দেশ্য হলো—যখন কোনো ব্যক্তি বা ব্যবসায়ী প্রকৃত অর্থেই ঋণ পরিশোধে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়েন, তখন তার অবশিষ্ট সম্পদ আদালতের তত্ত্বাবধানে ন্যায্যভাবে পাওনাদারদের মধ্যে বণ্টন করা এবং দেনাদারকে অসহনীয় ঋণের বোঝা থেকে আইনি মুক্তি দিয়ে নতুনভাবে জীবন শুরু করার সুযোগ করে দেওয়া।
অর্থাৎ, এই আইন কোনো প্রতারক ঋণখেলাপিকে রক্ষা করার জন্য নয়; বরং প্রকৃত আর্থিক বিপর্যয়ের শিকার মানুষকে পুনর্বাসনের সুযোগ দেওয়ার একটি মানবিক আইনি ব্যবস্থা।
একটি বাস্তবধর্মী চিত্র
ধরা যাক, এক সময়ের সফল ব্যবসায়ী রহিম মিয়া ব্যবসা সম্প্রসারণের জন্য একটি ব্যাংক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু আকস্মিক বাজার ধস ও ব্যবসায়িক ক্ষতির কারণে তিনি সর্বস্বান্ত হয়ে পড়েন। সময়মতো কিস্তি পরিশোধ করতে না পারায় সুদে-আসলে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৭০ লক্ষ টাকায়। ব্যাংক তার বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে এবং চেক ডিজঅনারের অভিযোগে আরও কয়েকটি মামলা হয়।
রহিম মিয়া বুঝতে পারেন, তার অবশিষ্ট সম্পদ বিক্রি করলেও ঋণের সামান্য অংশের বেশি পরিশোধ করা সম্ভব নয়। তখন তিনি একজন আইনজীবীর পরামর্শে দেউলিয়া আইন, ১৯৯৭ অনুযায়ী জেলা জজ আদালতে দেউলিয়া ঘোষণার আবেদন করেন।
আদালত তার আর্থিক অবস্থা, সম্পদের বিবরণ এবং সততা যাচাই করে তাকে দেউলিয়া ঘোষণা করেন। এরপর আদালত একজন রিসিভার নিয়োগ করেন, যিনি তার অবশিষ্ট সম্পদ বিক্রি করে আইন অনুযায়ী পাওনাদারদের মধ্যে আনুপাতিক হারে বণ্টন করেন। প্রক্রিয়া শেষে আদালত তাকে “ডিসচার্জ অর্ডার” প্রদান করেন, যার মাধ্যমে তিনি আইনিভাবে ঋণের দায় থেকে মুক্তি লাভ করেন এবং নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পান।
দেউলিয়া ঘোষণার আইনি শর্ত
দেউলিয়া আইন, ১৯৯৭-এর ৯ ধারায় দেউলিয়া ঘোষণার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করা হয়েছে। যেমন—
* দেনাদারের মোট ঋণের পরিমাণ কমপক্ষে ৫ লক্ষ টাকা হতে হবে;
* সংশ্লিষ্ট এলাকার দেউলিয়া আদালত তথা জেলা জজ আদালতে আবেদন করতে হবে;
* এবং আইনে বর্ণিত “Act of Insolvency” বা দেউলিয়া কর্ম সংঘটিত হতে হবে।
গ্যারান্টারও দায়মুক্ত নন
বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ “ইমদাদুল হক ভূঁইয়া বনাম দেউলিয়া আদালত” মামলায় স্পষ্টভাবে বলেছেন, শুধুমাত্র গ্যারান্টার বা জামিনদার হওয়ার কারণে কেউ দায়মুক্ত হতে পারেন না। মূল দেনাদার ঋণ পরিশোধে ব্যর্থ হলে গ্যারান্টারের বিরুদ্ধেও দেউলিয়া কার্যক্রম পরিচালিত হতে পারে।
আইনের গুরুত্বপূর্ণ সুরক্ষা
উচ্চ আদালতের বিভিন্ন রায় অনুযায়ী, কোনো ব্যক্তিকে দেউলিয়া ঘোষণা করা হলে তার বিরুদ্ধে চলমান অর্থ আদায় মামলা, ডিক্রি কার্যক্রম বা সম্পদ জব্দের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত হতে পারে। তখন সকল পাওনাদারকে দেউলিয়া আদালতের মাধ্যমেই তাদের দাবি উত্থাপন করতে হয়। ফলে একজন বিপর্যস্ত মানুষ অন্তত কিছুটা আইনি সুরক্ষা ও মানসিক স্বস্তি পান।
তবে আইনটি এখন কতটা যুগোপযোগী?
যদিও দেউলিয়া আইন, ১৯৯৭ একটি মানবিক আইন, তবে এটি এখন অনেকটাই পুরোনো ও সীমাবদ্ধ। বর্তমান বৈশ্বিক অর্থনীতি, করপোরেট ব্যবসা, স্টার্টআপ সংস্কৃতি এবং আন্তর্জাতিক বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে এই আইন পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
বর্তমান আইন মূলত “সম্পদ বিক্রি করে ঋণ আদায়”-কেন্দ্রিক; কিন্তু আধুনিক বিশ্ব এখন “ব্যবসা পুনরুদ্ধার” বা “Corporate Rescue” নীতিকে বেশি গুরুত্ব দেয়। উন্নত দেশগুলোতে ব্যবসায়িক ব্যর্থতাকে অপরাধ নয়, বরং অর্থনৈতিক ঝুঁকির অংশ হিসেবে দেখা হয়। সেখানে আদালতের তত্ত্বাবধানে পুনর্গঠন, পুনঃঅর্থায়ন এবং ব্যবসাকে আবার সচল করার সুযোগ দেওয়া হয়।
বাংলাদেশেও সময় এসেছে দেউলিয়া আইনকে আধুনিক ও পুনর্বাসনমুখী করার।
কী ধরনের সংস্কার জরুরি?
বর্তমান বাস্তবতায় দেউলিয়া আইনে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা জরুরি—
১. ব্যবসা পুনরুদ্ধারভিত্তিক কাঠামো
শুধু সম্পদ বিক্রি নয়; ব্যবসা বাঁচানো ও পুনর্গঠনের সুযোগ দিতে হবে।
২. করপোরেট Insolvency Framework
বড় শিল্পপ্রতিষ্ঠান, গ্রুপ অব কোম্পানিজ ও স্টার্টআপের জন্য পৃথক কাঠামো প্রয়োজন।
৩. দ্রুত নিষ্পত্তি ট্রাইব্যুনাল
বছরের পর বছর মামলা ঝুলে থাকলে ব্যবসা ধ্বংস হয়ে যায়। তাই নির্দিষ্ট সময়সীমাভিত্তিক বিশেষায়িত ট্রাইব্যুনাল দরকার।
৪. Automatic Moratorium
দেউলিয়া প্রক্রিয়া শুরু হলে সাময়িকভাবে সব ধরনের মামলা, জব্দ ও নিলাম স্থগিত রাখতে হবে।
৫. ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সুরক্ষা
ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকদের জন্য সহজ ও মানবিক পুনর্বাসন ব্যবস্থা প্রয়োজন।
৬. প্রতারণাকারী ও প্রকৃত ব্যর্থ উদ্যোক্তার মধ্যে পার্থক্য
ব্যবসায়িক ব্যর্থতা ও ইচ্ছাকৃত ঋণ জালিয়াতিকে এক কাতারে ফেলা যাবে না।
সামাজিক দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন দরকার
আমাদের সমাজে “দেউলিয়া” শব্দটি এখনও অপমান ও ব্যর্থতার প্রতীক হিসেবে দেখা হয়। অথচ পৃথিবীর বহু সফল উদ্যোক্তা জীবনের কোনো না কোনো পর্যায়ে আর্থিকভাবে ব্যর্থ হয়েছেন। ব্যবসায়িক ব্যর্থতা অপরাধ নয়; বরং অর্থনৈতিক বাস্তবতার একটি অংশ।
রাষ্ট্রের দায়িত্ব হলো—প্রতারকদের শাস্তি দেওয়ার পাশাপাশি প্রকৃত বিপর্যস্ত মানুষকে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেওয়া।
উপসংহার
ঋণের চাপে পালিয়ে বেড়ানো, আত্মগোপন করা কিংবা জীবন শেষ করে দেওয়া কখনোই সমাধান নয়। একটি মানবিক ও কার্যকর দেউলিয়া আইন একজন মানুষকে কেবল ঋণের বোঝা থেকে মুক্তি দেয় না; বরং তাকে নতুনভাবে বাঁচার সাহসও দেয়।
আজ সময় এসেছে বাংলাদেশের দেউলিয়া আইনকে আধুনিক, ব্যবসাবান্ধব এবং পুনর্বাসনমুখী করে গড়ে তোলার—যেখানে আইনের উদ্দেশ্য হবে শুধু ঋণ আদায় নয়, বরং মানুষ, ব্যবসা এবং অর্থনীতিকে পুনরায় দাঁড় করানো।