• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার -পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২৬, ২১:০১ অপরাহ্ণ
স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
সংবাদটি শেয়ার করুন....

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে।
‎ আজ লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। এসময় জেলা মৎস্য বিভাগের উদ্যোগে পুকুরে অবমুক্তকরণের জন্য সরকারি-বেসরকারি ৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিতরণ করা হয়।
‎ মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় তার তীক্ষ্ণ দৃষ্টি এবং দূরদর্শী চিন্তা থেকে স্বনির্ভর বাংলাদেশ গঠনে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। সেটা ছিল একটা আন্দোলন, একটা বিপ্লব। তারই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য তারেক রহমান দেশব্যাপী অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ অভিযান, দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন।
‎ মন্ত্রী আরো বলেন, দলমত নির্বিশেষে আমরা সবাই যদি এই কাজগুলোকে অগ্রাধিকার দেই, অর্থনৈতিক রূপান্তরের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে পারব। সবকিছু মিলিয়ে আমরা নিজেরা নিজেদের অবস্থানটাকে আরো সুদৃঢ় করতে সক্ষম হব। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজগুলো অব্যাহত রেখেছি।
‎ এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান, পুলিশ সুপার মোঃ আবু তারেক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ-জামান খান, জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী প্রমুখ।