• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১৭:৩০ অপরাহ্ণ
ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ
সংবাদটি শেয়ার করুন....

নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। সোমবার বিকেলে সাংবাদিকদের নিয়ে নির্বাচনী বুথ পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো ধরনের সমস্যায় পড়বেন না।

এর আগে রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশনা জারি করা হয়। ওই নির্দেশনায় বলা হয়েছিল, শুধু প্রিসাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং অ্যাপ ব্যবহারের জন্য নির্ধারিত দুইজন আনসার সদস্য মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

এই নির্দেশনার কারণে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ না থাকায় সাংবাদিক সমাজে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া দেখা দেয়। পরে সাংবাদিক মহলের সমালোচনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের অবস্থান থেকে সরে আসে। সাংবাদিকদের আশ্বস্ত করে ইসি সানাউল্লাহ জানান, মোবাইল ফোন বহন সংক্রান্ত যে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছিল, তা সাংবাদিকদের ক্ষেত্রে শিথিল করা হবে এবং এ বিষয়ে দ্রুতই নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।