• ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধাকে রাজনৈতিক সচিব করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ১৭:১৩ অপরাহ্ণ
দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধাকে রাজনৈতিক সচিব করলেন এমপি এস এম জাহাঙ্গীর হোসেন
সংবাদটি শেয়ার করুন....

নির্বাচনী এলাকার সামগ্রিক কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী মনিরুল ইসলাম সোহাগকে ব্যক্তিগত “রাজনৈতিক সচিব” হিসেবে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার (০২ মার্চ ২০২৬) জারি করা এক নিয়োগপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ সুদৃঢ় করার উদ্দেশ্যে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন জানান, মনিরুল ইসলাম সোহাগ দীর্ঘ সময় ধরে তাঁর রাজনৈতিক ও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থেকেছেন। সুখে-দুঃখে ও বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে নিষ্ঠার সঙ্গে সহযোগিতা করেছেন। তাঁর সততা, দায়িত্ববোধ ও আন্তরিকতার ওপর আস্থা রেখেই এ দায়িত্ব অর্পণ করা হয়েছে। নিয়োগপত্রে আরও বলা হয়, রাজনৈতিক সচিব হিসেবে মনিরুল ইসলাম সোহাগ নির্বাচনী এলাকার বিভিন্ন কর্মসূচি সমন্বয়, সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং সাধারণ মানুষের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখতে ভূমিকা পালন করবেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং তিনি সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এ সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তারা প্রত্যাশা করছেন, নতুন রাজনৈতিক সচিবের সক্রিয় অংশগ্রহণে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসম্পৃক্ততা বাড়বে। সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন নিয়োগপ্রাপ্ত রাজনৈতিক সচিবের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বলেন, “আমি বিশ্বাস করি, তিনি অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে নির্বাচনী এলাকার উন্নয়ন ও সংগঠনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”