• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১৭:৩৩ অপরাহ্ণ
মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল
সংবাদটি শেয়ার করুন....

মনোনয়নপত্র বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। সোমবার বিকেল পৌনে চারটার দিকে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট শাখায় তিনি এ আপিল আবেদন জমা দেন।

আপিল দাখিলের পর তাসনিম জারা বলেন, সাধারণ মানুষ চায় তিনি নির্বাচনের মাঠে থাকুন। জনগণের সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই তিনি শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে লড়াই চালিয়ে যাবেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আপিলে জয়ী হয়ে জনগণের পাশে দাঁড়াতে আবারও নির্বাচনী প্রতিযোগিতায় ফিরতে চান।

এর আগে গত ৩ জানুয়ারি ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। সে সময় তিনি জানান, ভোটারদের স্বাক্ষরে কিছু অসঙ্গতি এবং দুজন ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

নির্বাচনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। সেই ধারাবাহিকতায় আজ সোমবার থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হবে।

উল্লেখ্য, তাসনিম জারা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি দল থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...