
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব সরাসরি নাকচ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর খুররম জিশান। তিনি জানান, ইমরান খান জীবিত আছেন এবং এখনো আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন। তার দাবি, দেশ ছাড়ার জন্য চাপ তৈরির উদ্দেশ্যে দীর্ঘ সময় ধরে ইমরান খানকে সম্পূর্ণ আইসোলেশনে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে খুররম জিশান বলেন, ইমরান খানের জনপ্রিয়তা বর্তমান সরকারের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই তার কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। তিনি জানান, গত এক মাস ধরে পরিবারের সদস্য, আইনজীবী কিংবা দলীয় শীর্ষ নেতাদের কাউকেই তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইমরানের ওপর চাপ প্রয়োগের কৌশল বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি আফগানিস্তানের কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দাবি করা হয়, রাওয়ালপিন্ডির কারাগারে ইমরান খানকে হত্যা করা হয়েছে। এই গুজব ছড়িয়ে উদ্বেগ বাড়লেও খুররম জিশান স্পষ্ট করে জানান, ‘আমাদের নিশ্চিত করা হয়েছে—তিনি বেঁচে আছেন এবং এখনও আদিয়ালা জেলেই আছেন। তিনি ঠিক আছেন।’ পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে কী ধরনের সমঝোতা চাইছে—এ বিষয়ে জিশান বলেন, তাকে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে এবং চুপ থাকার শর্তে পছন্দমতো যেকোনো দেশে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক হওয়ায় কোনো সমঝোতায় রাজি হবেন না বলেই দাবি করেন পিটিআইয়ের এ নেতা। জিশান আরও বলেন, সরকার চায় ইমরান খান দেশ ত্যাগ করুন এবং নীরব থাকুন, কিন্তু দল মনে করে রাজনৈতিক ভবিষ্যৎ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই পথ বেছে নেবেন না। সূত্র: এনডিটিভি।