• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ১৭:১৩ অপরাহ্ণ
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার গুরুতর অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট উত্তেজনা নিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে হামলা চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরব দেশগুলোকে সংঘাতে জড়িয়ে ফেলতে চাইছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সচেতনভাবেই এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে ইরান পাল্টা হামলা চালাতে বাধ্য হয়। এর ফলে তেহরান কিছু আরব দেশের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এতে মানবিক ও বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এই পরিস্থিতির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে মস্কো।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এমন পরিস্থিতি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত আরব দেশগুলোকে নিজেদের স্বার্থে যুদ্ধে টেনে আনার চেষ্টা করছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের দাবি, এসব হামলার মূল লক্ষ্য হচ্ছে মার্কিন স্থাপনা।

রাশিয়া বলেছে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা কমানোর একমাত্র উপায় হলো ইরানের ওপর হামলা বন্ধ করা। তবে এখন পর্যন্ত এই সংঘাত কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেছে মস্কো।

আরো পড়ুন

দৈনিক ভোর
×
Loading...