ঐতিহ্যবাহী বাংলাদেশ ফ্লাইং একাডেমির নতুন প্রেসিডেন্ট নাসির মজুমদার সিআইপি
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন বৈমানিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ১১ সদস্যের নতুন নির্বাহী কমিটি
অনলাইন ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৮, ২০২৬, ১৭:৪০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
বাংলাদেশ ফ্লাইং একাডেমি অ্যান্ড জেনারেল এভিয়েশন লিমিটেডে ১১ সদস্যের একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। একাডেমির কার্যক্রম পুনরায় সচল রাখা, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়া এগিয়ে নিতে এ কমিটি দায়িত্ব পালন করবে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এম জি আর নাসির মজুমদার এবং সেক্রেটারি জেনারেল হয়েছেন ক্যাপ্টেন আবদুল্লাহ।
কমিটিতে ভাইস প্রেসিডেন্ট (অপারেশন, একাডেমিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার নাসিরউদ্দিন আহমেদ। ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফাইন্যান্স) হয়েছেন ক্যাপ্টেন আবু সাফা এবং ভাইস প্রেসিডেন্ট (এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যামেনিটিজ) হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজি হায়দার রিজভী। জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে ক্যাপ্টেন জাকারিয়াকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্তর্বর্তী কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অপারেশন বিভাগের ক্যাপ্টেন সেলিমুর রহমান, ফাইন্যান্স বিভাগের ক্যাপ্টেন মীর কামর সিদ্দিকী, একাডেমিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্যাপ্টেন এথার ফারিয়েল, অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ক্যাপ্টেন রফিকুর রহমান এবং এন্টারটেইনমেন্ট অ্যান্ড অ্যামেনিটিজ বিভাগের ক্যাপ্টেন ফিদিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একাডেমির কার্যক্রম নিয়ে সৃষ্ট পরিস্থিতির পর সদস্যদের উদ্যোগে কার্যক্রম পুনরায় সচল করা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং প্রশিক্ষণার্থী ও স্টাফদের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।
এর আগে একাডেমির কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং পরবর্তী সময়ে সাধারণ সভা বা এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং (ইজিএম) আয়োজন নিয়ে সদস্যদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এ পরিস্থিতিতে কয়েকজন লাইফ মেম্বার ইজিএম আহ্বানের উদ্যোগ নেন। পরে গত ২৯ আগস্ট অনুষ্ঠিত ইজিএমে একাডেমির নতুন নেতৃত্ব ও নির্বাচনকালীন ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন অন্তর্বর্তী কমিটি এখন বাংলাদেশ ফ্লাইং একাডেমির অপারেশন, একাডেমিক কার্যক্রম, প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্ব পালন করবে। পাশাপাশি একাডেমির স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনা এবং পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কাজেও কমিটি ভূমিকা রাখবে।