
কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দোহায় অবস্থানরত বার্তা সংস্থা এএফপির একজন প্রতিবেদক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছিল কাতার কর্তৃপক্ষ।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে জানা গেছে।
চলতি সপ্তাহে সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া দুবাইয়ের মার্কিন কনস্যুলেটও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই কাতারের দোহায় মার্কিন দূতাবাসের আশপাশে বসবাসকারী বাসিন্দাদের নিরাপত্তার কারণে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। এর মধ্যেই রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।