অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কিছু মানুষের কাছে সংস্কার নিয়ে নেতিবাচক কথা বলাটা যেন একটি উদ্দীপকের মতো কাজ করে, এতে বাড়তি ভিউ পাওয়া যায়। তবে কোনো সংস্কারই হয়নি—এমন দাবি সঠিক নয়। তিনি বলেন, প্রত্যাশা যদি ১০ ধরা হয়, তাহলে অন্তত চারটি লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। যদিও পুলিশ সংস্কার যে রূপে করা প্রয়োজন ছিল, তা কাঙ্ক্ষিতভাবে বাস্তবায়ন করা যায়নি। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন’ শীর্ষক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, কেবল ১০ বছর জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ বললেই বিচারক হওয়া যায় না। উচ্চ আদালতেও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে এবং সেই সংস্কার উচ্চ আদালত থেকেই আসতে হবে। তিনি আরও বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে যেসব আইন প্রয়োজন ছিল, সেগুলো প্রণয়ন করা হয়েছে। এই ধারাবাহিকতায় আইনের শাসন পুরোপুরি প্রতিষ্ঠা করতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগতে পারে। আমরা সংস্কারের পথে এগিয়েছি। ভবিষ্যতে নির্বাচিত সরকার যদি এই ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে জনগণ এর সুফল ভোগ করবে।