আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন করা হলে বিএনপি তাতে ইতিবাচক অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি শুরু থেকেই সংস্কারের দাবি জানিয়ে আসছে এবং গণভোট হলে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই দলের সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সব সময় রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে রয়েছে এবং জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাবও দলটির পক্ষ থেকেই দেওয়া হয়েছে। বৈঠকে প্রার্থিতা বাতিলের বিষয়টি নিয়ে সিইসির দৃষ্টি আকর্ষণ করে বিএনপির প্রতিনিধি দল। তিনি অভিযোগ করেন, সংবিধানে স্পষ্ট বলা আছে যে কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে নির্বাচনে অংশ নিতে পারেন, কিন্তু বাস্তবে অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন বাতিল করছেন। বিষয়টি যেন আরও জটিল না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।